খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২৬
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খরঞ্জপাড়ায় রোববার সন্ধ্যা ৬টার দিকে সাপের কামড়ে দুই বছর বয়সী শিশু ইকরা মারা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঘরের পাশে রান্নাঘরের পেছনে খেলা করছিল প্রবাসী বাবলুর ছোট মেয়ে ইকরা। এ সময় তার বাম পায়ের পাতায় একটি সাপ কামড় দেয়।
ঘটনার পরপরই ইকরা দৌড়ে গিয়ে মাকে বিষয়টি জানায়। স্বজনেরা দ্রুত তার পায়ে বাঁধন দিয়ে আধা ঘণ্টার মধ্যে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজওয়ান বলেন, “সন্ধ্যা পৌনে ৭টার দিকে অবচেতন ও আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়।”
তিনি আরও বলেন, “তাকে সাপের কামড়ের প্রতিষেধক (অ্যান্টিভেনম), অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লক্ষণ দেখে এটি বিষধর সাপের কামড় বলেই নিশ্চিত হওয়া গেছে।”
























