পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২২, ২০২৬
আজ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার রাতে বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সোমবার রাত ৯টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, “নিম্নচাপের প্রভাব এরই মধ্যে উপকূলীয় এলাকায় বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে খুলনা ও বরিশালে এর প্রভাব বেশি। রাজধানীতে সকালের বৃষ্টিও নিম্নচাপের কারণে হয়েছে।”
তিনি আরও বলেন, “আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ রাজধানীতে আরও বৃষ্টি হতে পারে। আজ থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।”
নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূলে ব্যাপক বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা আপাতত নেই।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়া আকারে এই গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
























