প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১০, ২০২৬
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, শুক্রবার রাত সোয়া ১টার দিকে ওই এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। অপর ককটেলটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বম্ব ডিসপোজাল ইউনিট।
পরবর্তীতে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করা হয়। ঘটনাস্থলে উপস্থিত থাকা ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে এই ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
























