মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০৯, ২০২৬

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের মাজাতলান শহরের `এল কাস্টিলো` কারাগারে দুই পক্ষের সংঘর্ষে একজন দর্শনার্থীসহ ১০ বন্দি নিহত ও ১৬ বন্দি আহত হয়েছে। বৃহস্পতিবার মেক্সিকোর অঙ্গরাজ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সিনালোয়া জননিরাপত্তা সচিবালয় থেকে জানানো হয়, কারাগারের অভ্যন্তরে হঠাৎ ছড়িয়ে পড়া সংঘর্ষে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়। আহত ১৬ বন্দিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ভিডিও বার্তায় সিনালোয়ার জননিরাপত্তা সচিব সিনুহে তেলেস বলেন, “নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে সমাজকল্যাণ বিভাগের কর্মীরা যোগাযোগ করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সার্বিক নিরাপত্তার স্বার্থে বর্তমানে কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে কারাগারের অন্য বন্দিরা নিরাপদে রয়েছে।”

ঘটনার পরপরই বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ দল কারাগারে বিশেষ অভিযান শুরু করে। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

উল্লেখ্য, মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্য মাদক পাচারকারী শক্তিশালী `সিনালোয়া কার্টেল`য়ের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ও সংঘাতের মূল কেন্দ্র হিসেবে পরিচিত। উচ্চ নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যে ছয়টি মেক্সিকান অঙ্গরাজ্যে ভ্রমণ না করার সতর্কতা জারি করেছে, সিনালোয়া তার একটি।

কারাগারে ঘটে যাওয়া এই সংঘর্ষের পেছনে মাদক কার্টেলের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে স্থানীয় কর্মকর্তারা স্পষ্ট করে কিছু জানায়নি।