নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০৬, ২০২৬
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৫ যাত্রী ও ৭ ক্রু সদস্য ছিল।
নাইজেরিয়ার এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো বলেন, “সোমবার বিমানটি নাইজেরিয়ার অর্থনৈতিক হাব লাগোসে একটি রুটিন মিশনে ছিল। সে সময় নাইজেরিয়ার অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।”
তিনি আরও বলেন, “সোমবার উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯টার সময় রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এডো প্রদেশ থেকে লাগোসের যাত্রাপথের মাঝামাঝি জায়গায় এটি বিধ্বস্ত হয়। নাইজেরিয়ার একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।”
নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি এটিআর-৪২ মডেলের ছিল এবং দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলের সদস্যরা যখন নৌকায় করে অভিযান চালাচ্ছিল তখন উৎসুক জনতা ভিড় জমায়।
স্থানীয় এক ব্যক্তি বলেন, “বিমানটি কিছু গাছ ভেঙে ফেলেছে। আমরা কয়েকজনের দেহাবশেষ, কিছু জামা ও কিছু জুতা পেয়েছি।”
























