পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১২, ২০২৬
স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫ ধাপে করার পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।
আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ বলেন, “প্রথম ধাপে ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা করেছি। ৪ হাজার তিনশোর মতো ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৭ মে ২০২৭ সালের মধ্যে সম্পন্ন হবে। ৫ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
























