ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৬
ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডিবির ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেফাতর করে।
ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।”
তিনি আরও বলেন, “এ জন্যই গতকাল রাতে লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। ডরিন রাজধানীর লালমাটিয়ার ১/১২ নম্বর সি ব্লকের একটি বাসায় অবস্থান করছিলেন।”
মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা এবং তার মায়ের নাম ইয়াসমিন ফেরদৌস। ২০২৪ সালের মে মাসে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তার বাবা সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার খুন হওয়ার পর বিচারের দাবিতে গণমাধ্যমে বক্তব্য দিয়ে তিনি আলোচনায় আসেন।
























