সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার লেখক অ্যান কারসন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০৮, ২০২৬

সাহিত্যে এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল প্রায় ৫টার দিকে সুইডিশ অ্যাকাডেমি তার নাম ঘোষণা করে।

সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন এবং উদ্ভাবনী ও বৈচিত্র্যময় শৈলীর মাধ্যমে আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করার স্বীকৃতি হিসেবে অ্যান কারসনকে এ বছরের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন অ্যান কারসন। ১৯৮১ সালে ক্লাসিকসের ওপর তার ডক্টরাল থিসিস ‘ওদি এত আমো এরগো সাম’ প্রকাশিত হয়।

দীর্ঘ কর্মজীবনে কবিতা, অনুবাদ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি প্রাচীন গ্রিক সাহিত্য ও আধুনিক কবিতার মধ্যে অনন্য সেতুবন্ধ তৈরি করেছেন কারসন।

তার সাহিত্যকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো শব্দের গভীর অর্থ ও উৎস অনুসন্ধানের সঙ্গে কবিতার সৃজনশীলতার মেলবন্ধন। ভাষার প্রতি তার গভীর অনুরাগ এবং শব্দের নতুন অর্থ আবিষ্কারের প্রবণতা তার লেখায় বিশেষভাবে ফুটে উঠেছে।

কারসন বলেন, কোনো লেখা শুরুর ক্ষেত্রে শব্দের মূল উৎপত্তি বা উৎস খুঁজে বের করাই তার কাজের প্রথম ধাপ।