আজ কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ০৮, ২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ মঙ্গলবার ইরাকে পৌঁছেছে। আজ বুধবার নেওয়া হবে পবিত্র নগরী কারবালায়।

খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে মহান নেতার সম্মানে সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়।

বুধবার নাজাফ ও পবিত্র নগরী কারবালায় আয়োজিত জানাজায় কফিনগুলো নিয়ে যাওয়া হবে। এতে লাখো ইরাকি অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

কারণ, আয়াতুল্লাহ খামেনি ইরাকেও একজন ধর্মীয় নেতা হিসেবে বিবেচিত ছিলেন। দেশটির লাখো শিয়া মুসলমানের কাছে অনুকরণীয় ছিলেন।

ইরাকে খামেনির জানাজা উপলক্ষে আজ বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এতে ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, তার মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, তার ১৪ মাস বয়সি নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজার নামাজে ইমামতি করেন।

বুধবার মরদেহ ইরাকের নাজাফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসাইনের (রা.) মাজার ও হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির ইচ্ছানুযায়ী, ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। সূত্র: প্রেস টিভি