আবু তাহের সরফরাজের বৈশাখী কবিতা
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৬
বৈশাখী ঝড়
বৈশাখি ঝড় আসলে আসুক
ঠাকুর দাদার বাড়ি
আমার তো নেই চকমেলানো
দালানকোঠার সারি।
জীর্ণ ঘরের ছাউনি খড়ের
গোলপাতারই বেড়া
একটু হাওয়া পেলেই কাঁপে
এই গরিবের ডেরা।
বোশেখ ডেকে রবীন্দ্রনাথ
মুমূর্ষুকে ওড়ান
মুমূর্ষু তো মরেই আছে
এবার তাকে পোড়ান।
জরায় মরে যাইনি শোনো,
বুক আছে টানটান
নতুন দিনে সূর্যোদয়ে
গাইছি নতুন গান।
ভাঙব আগল বোশেখের
দেখব আগুন দোজখের।
সংস্কৃতি
এই শহরে সংস্কৃতির বিচিত্র এক ধরন
পান্তা-ইলিশ ঢেঁকুর তুলে বর্ষ করে বরণ।
বছরজুড়ে সবক’টা দিন জিন্স-ফতুয়ার চল
ওই দিনই সব পাঞ্জাবি আর হলুদ শাড়ির দল।
রমনা বটমূলের মেলায় উচ্ছ্বসিত প্রাণ
রং ধাঁধানো জেনারেশন গাইছে রিমিক্স গান।
শেকড় ছেঁড়া প্রজন্ম এই ঢাকায় করে বাস
এদের সংস্কৃতি দেখেই কাটছে বারো মাস।
মফস্বলে আটপৌরে জীবন যাদের কাটে
আগ্রহ নেই যে মেলাটা হচ্ছে গ্রামের মাঠে।
ডাকছে তারা, রমনা বটমূলের মেলায় যাবি?
এই আমাদের গ্রামের মেলা বিচ্ছিরি হাবিজাবি।
গ্রামের নাকি ইটদালানের বর্ষবরণ খাঁটি
এই কথাটা বুঝতে চলো, গ্রামের পথে হাঁটি।























