এহসান হাবীব
আসমানের দিকে তাকিয়ে থাকা মানুষেরা
এহসান হাবীবপ্রকাশিত : এপ্রিল ০৫, ২০২৬
আমাদের বাড়িতে রাজস্থানের এক পাল হাতি ছিল।
গেলে দশকে রাজস্থান বেড়াতে গেলে
আমরা এই হাতিগুলো এনেছিলাম।
হাসিনা সরকারের পতনের পর হাতিগুলো
কোথায় যেনো উধাও হয়ে গেল।
শুধু একটা হাতি ঘরের কোণে বিষণ্ণ হয়ে পড়ে থাকত।
সরকার গেল সরকার এলো
মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে গেল
পৃথিবী উষ্ণ হলো।
তেলের দাম বেড়ে গেল।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা হলো।
যু্বক গ্রেফতার হলো।
প্রতিশ্রুতি ভঙ্গ হলো।
ক্ষুধার্থ তৃণমূল উন্মত্ত হলো।
অনেক কিছুই হলো
ট্রাম্প পৃথিবীকে অনেক হাসালো—
নিরাপরাধ মানুষ ঘুমের ঘোরে মারা পড়ল।
গরিব ছিন্নমূল মানুষেরা নিরুদ্দেশ হলো
ভূমধ্যসাগরে নৌকাডুবি হলো।
শুধু মৃত্যুর মিছিল থামল না।
হাহাকারের ক্রন্দন ধ্বনি থামল না।
মানুষ কথা বলার সাহস পেল না।
এতকিছুর মাঝে রাজস্থানের হাতিটা
প্রতিদিন নিয়ম করে সাহিলের সঙ্গে খেলা করে
সাহিল একটু একটু করে ওর শুঁড় ভাঙে
লেজ ভাঙে
পা ভাঙে
ওকে প্রতিদিন বিবর্ণ করে দেয়।
এইসব দেখতে দেখতে আমাদের উষ্ণ পৃথিবী
সপ্ত আসমানে বিষণ্ণ হয়ে ঝুলে আছে।























