ইজরায়েল-লেবানন যুদ্ধবিরতি কার্যকরে সম্মত
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ০৪, ২০২৬
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনার পর ইজরায়েল ও লেবানন শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হওয়া নির্ভর করছে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর হামলা সম্পূর্ণভাবে বন্ধের ওপর। বুধবার যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা এ দুই দেশ কিছু পরীক্ষামূলক এলাকা তৈরিতেও সম্মত হয়েছে। এসব এলাকায় কোনো অরাষ্ট্রীয় পক্ষ বা সশস্ত্র গোষ্ঠী থাকতে পারবে না। শুধু লেবাননের সশস্ত্র বাহিনী এলাকাগুলোর একক নিয়ন্ত্রণ নেবে।
যুদ্ধবিরতি নিয়ে এ সমঝোতার দিনও সীমান্তে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল। হিজবুল্লাহ জানায়, তারা ইজরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইজরায়েলি বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার শর্ত হলো, হিজবুল্লাহকে পুরোপুরি হামলা বন্ধ করতে হবে। সেই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে এ গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নিতে হবে।
২ মার্চ ইরানকে সমর্থন জানিয়ে হিজবুল্লাহ ইজরায়েলের ওপর নতুন করে হামলা শুরু করে। এ সংঘাত ছড়িয়ে পড়ার পর ওয়াশিংটনের বৈঠকটি ছিল লেবানন ও ইজরায়েলি কূটনীতিকদের মধ্যে চতুর্থ দফার সরাসরি আলোচনা।
যৌথ বিবৃতিতে বলা হয়, একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ২২ জুনের পর দুই পক্ষ আবারও পরবর্তী দফার আলোচনায় বসবে।























