এবারের ঈদযাত্রায় নিহত ৪০২, আহত ১২৯৪

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ০৭, ২০২৬

এবারের পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে  ১৫ দিনে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত ও ১ হাজার ২৯৪ জন আহত হয়েছে। আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, “একই সময়ে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন এবং নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও ১ হাজার ৩৪০ জন আহত হয়েছে।

সংগঠনের তথ্যমতে, গত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা ৩ দশমিক ৯৫ শতাংশ, প্রাণহানি ৩ দশমিক ০৭ শতাংশ এবং আহত ৯ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। এবারও দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ১৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৯ জন নিহত হয়েছে, যা মোট দুর্ঘটনার প্রায় ৩৮ দশমিক ৮৩ শতাংশ।

সংগঠনটির দাবি, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, চালকের বিশ্রামহীনতা এবং ভাঙাচোরা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। এছাড়া ঈদে অতিরিক্ত যাত্রী চাপ ও যানবাহনের ত্রুটিও বড় ভূমিকা রেখেছে।

যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, ঈদকেন্দ্রিক স্বল্পমেয়াদি উদ্যোগ নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আধুনিক গণপরিবহন ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর সড়ক নিয়ন্ত্রণ এবং চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করলেই দুর্ঘটনা কমানো সম্ভব।