কবি রজনীকান্ত সেনের আজ মৃত্যুদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ১৩, ২০২৬
কবি ও সুরকার রজনীকান্ত সেনের আজ মৃত্যুদিন। ৪৫ বছর বয়সে কলকাতা মেডিকেল কলেজের কটেজ ওয়ার্ডে ১৯১০ সালের ১৩ সেপ্টেম্বর তিনি মারা যান। ১৮৬৫ খ্রিষ্টাব্দের ২৬ জুলাই পাবনা জেলাধীন সিরাজগঞ্জ মহকুমার বেলকুচি উপজেলার সেনভাঙ্গাবাড়ি গ্রামে তার জন্ম।
শৈশবে রজনীকান্ত খুবই দুষ্টুপ্রকৃতির ছিলেন। সদা সর্বদা খেলাধূলায় ব্যস্ত থাকতেন। পড়াশোনার পেছনে সময় ব্যয় করতেন খুবই কম। তবে পরীক্ষায় আশাতীত ফলাফল অর্জন করতেন। পরবর্তীকালে এ বিষয়গুলো তিনি তার দিনপঞ্জীতে উল্লেখ করেছেন।
বিদ্যালয় অবকাশকালীন সময়ে প্রতিবেশীর গৃহে সময় ব্যয় করতেন। সেখানে রাজনাথ তারকরত্ন মহাশয়ের কাছ থেকে সংস্কৃত ভাষা শিখতেন। এছাড়া গোপাল চন্দ্র লাহিড়ীকে তিনি তার শিক্ষাগুরু হিসেবে পেয়েছিলেন।
১৫ বছর বয়সে কালীসঙ্গীত রচনার মাধ্যমে তার অপূর্ব কবিত্বশক্তির বহিঃপ্রকাশ ঘটে। তিনি আইন পেশায় যুক্ত ছিলেন। তবে ওকালতি পেশায় গভীরভাবে সংশ্লিষ্ট ও সন্তুষ্ট হতে পারেননি। এ সময় থেকে মৃত্যুর প্রায় ১ বছর আগ পর্যন্ত রজনীকান্তের জীবন আনন্দের খনি ছিল।
তার সঙ্গীত-প্রতিভাই তাকে অমর করে রেখেছে। সঙ্গীত-রচনা করা তার পক্ষে এমনই সহজ ও স্বাভাবিক ছিল যে, তিনি অবহেলায় উপেক্ষায় অতি উৎকৃষ্ট সঙ্গীত রচনা করতে পারতেন।
ক্যান্সারের মতো দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করে দিয়ে যেসব অশ্রুতপূর্ব গান রচনা, সেগুলোই ছিল তার শেষ দিনগুলোর অনিঃশেষ প্রাণশক্তির উৎস।
























