মেসি

মেসি

জুয়েল মাজহারের গদ্য ‘শুধু খেলা নয়, ফকল্যান্ড যুদ্ধ হবে আজ’

প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬

স্কালোনি যতই বলুন, It`s just a football game and that`s all... আসলে তা নয়, মোটেও তা নয় হে...
পুরোনো বৈরিতা সহজে ভুলবে না কেউ। ১৯৮২ সালে (আমি তখন কলেজছাত্র) মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধে
আর্হেন্তিনার পরাজয় ভোলেননি মারাদোনা। নিয়েছিলেন এক অতিমানবীয় এক দুনিয়া কাাঁপানো প্রতিশোধ।

১৯৮৬ সালে বিশ্বকাপ ম্যাচে ইংলিশ গোলকিপার  পিটার  শিল্টনকে বোকা বানিয়ে ‘হ্যান্ড অব গড’ গোলের তিক্ত স্মৃতি কখনো ভুলবে না ইংল্যান্ড।

ইংলিশরা কখনো ভুলবে না অসাধারণ ড্রিবলিংয়ে ৬/৭ জনকে কাটিয়ে মারাদোনার সেই অতিমানবীয় ‘গোল অব দ্য সেঞ্চুরি’র কথা।

বিশ্বকাপে ইংল্যান্ডের সামনে এবার বিশাল মওকা (নাকি দুঃস্বপ্ন?)
আর্হেন্তিনাকে হারাতে পারলেই ইংলিশরা সেটিকে ভাববে—শতাব্দীর সেরা প্রতিশোধ।

ইংলিশ মিডিয়ার নর্তন কুর্দন সীমা ছাড়িয়ে যাচ্ছে... জাস্ট বুল শিট!

মৃত্যুর ওপার থেকে এই খেলায় উপস্থিত থাকবেন IRON LADY নামে খ্যাত (নাকি কুখ্যাত?) ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, আর্হেন্তিনার পরাজিত সেনানায়ক হেনেরাল (পড়ুন জেনারেল) গল্তিয়েরি, ফুটবল-ঈশ্বর  দিয়েগো আরমান্দো মারাদোনা, থাকবেন পিটার শিল্টনসহ আরও অনেকেই।

হ্যারি কেইন আর মেসিরা মুখে যা-ই বলুক আদতে এটিকে স্রেফ একটা ফুটবল গেম হিসেবে এরা কেউ দেখবে না, It`s just a football game. স্কালোনির এই কথা যে স্রেফ কথার কথা, সেটা আমার মতো বোকাও বোঝে।

শুরু হতে যাওয়া ম্যাচটি যে হয়ে উঠবে এক কুরুক্ষেত্র, সে কথা আমি হলফ করে বলতে পারি। লড়াই হবে পাণ্ডবে-কৌরবে। পায়ের বলটি আর পায়ের বল থাকবে না। কখনো তা হয়ে উঠবে পাশুপতাস্ত্র, কখনো তা  হয়ে উঠবে গাণ্ডীব, কখনো তা সুদর্শনচক্র, কখনো তা ভীমের গদা আর অর্জুনের তীব্র তীর।

খেলা শেষ হওয়ার পরও খেলা চলবে...
মাঠের বাইরে সবার মনের মাঠে
কোটি কোটি মনের ভেতর চলবে
অযুত-নিযুত সংখ্যাহীন  কুরুক্ষেত্রের যুদ্ধ

মনোরণ চলতেই থাকবে
আরেকটি বিশ্বকাপের  আগে অব্দি

আপাতত আমি এক বে-লায়েক মারাদোনিয়ান
এক মেসিয়ানিক ফুটবলভক্ত
শান্ত হয়ে বসে আছি
খেলা শুরু হওয়ার অপেক্ষায়...

আমি চাই আজকের ফকল্যান্ড যুদ্ধে
মেসিরা  ফিরিয়ে আনুক মারাদোনার জয়ের স্মৃতি

একটা ম্যাজিক আমাকে দেখাও আজ মেসি!
একটা পুসকাস কিক মেরে দুনিয়াকে স্তব্ধ করে দাও আলভারেস
একটা নিখুঁত পাস বাড়াও হে, নিকোপাস
আলমাদা, লিসান্দ্রো, পারাদেস কিংবা লাউতারো

শুধু একটা জয় দাও, মেসি
তুমি ছাড়া ফুটবলে কে আছে ত্রাতা!
কখনো ভোলো না মেসি
তোমার মাথায় মারাদোনা নামের ঈশ্বর
রেখেছিলেন হাত