টানা বৃষ্টির পূর্বাভাস

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২৬

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হতে পারে লঘুচাপ। রয়েছে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা। অনুকূল পরিবেশ পেলে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

তবে লঘুচাপটি কীভাবে শক্তি সঞ্চয় করবে, কোন দিকে অগ্রসর হবে— এসব বিষয়ে স্পষ্ট হতে কয়েক দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, “এখনই সরাসরি ঘূর্ণিঝড়ের কথা বলছি না। কারণ ঘূর্ণিঝড়ের কথা বলা হলে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি হতে পারে।”

তিনি আরও বলেন, “আপাতত বলা হচ্ছে, যে লঘুচাপ তৈরি হতে পারে তা আরও ঘনীভূত বা শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। লঘুচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নিলেও এটি ওড়িশা বা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।”

কাজী জেবুন্নেসা বলেন, “বাংলাদেশের ওপর এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা কম। এর প্রভাবে দেশে সর্বোচ্চ বাড়তে পারে বৃষ্টিপাত। সাগরের বিষয়টি আমাদের বিশেষভাবে নজরে রাখতে হয়।”

তিনি আরও বলেন, “সাগরে মাছ ধরা ট্রলার, নৌযান এবং নৌবাহিনীর কার্যক্রম রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা সম্ভাব্য লঘুচাপটির ওপর আগেই নজর রাখছি।”