ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২৬

ইয়েমেনে নিজেদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় সৌদি আরব ২৬টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি গোষ্ঠী। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব হামলা চালানো হয়।

শুক্রবার হুথিরা জানায়, ১ সপ্তাহে হুথিদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি হামলার সংখ্যা তিনশোতে পৌঁছেছে। ইয়েমেনে সংঘাত নতুন করে তীব্র হওয়ার মধ্যে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় সৌদি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে।

সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার জানিয়েছে, শুক্রবার তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলায় সংঘর্ষে তাদের বাহিনীর হাতে ৩০ হুথি যোদ্ধা নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছে।

চলতি সপ্তাহে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া এলাকাগুলোর মধ্যে আল-ওয়াজিয়াহ অন্যতম। সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই বিস্তৃত হওয়ার পাশাপাশি রাজধানী সানাতেও শুক্রবার বড় ধরনের বিক্ষোভ হয়।

বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা ইরান-সমর্থিত হুথিদের প্রতি সমর্থন জানায় এবং সৌদি আরবের বিরোধিতা করে। সূত্র: এএফপি