তিন বছরের শিশুকে যৌন নির্যাতন, কারাগারে বৃদ্ধ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৬০ বছর বয়সী বৃদ্ধকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উত্তর সালুয়া গ্রামে শিশুটিকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে যৌন নির্যাতন চালায় অভিযুক্ত বৃদ্ধ। শিশুটির চিৎকারে মা ও স্বজনরা এসে তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেন।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।”