পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ১০, ২০২৬
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরের শাহজাদ টাউন এলাকায় বুধবার দুপুরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও ঝালাওয়ান প্যানেলের সভাপতি শফিকুর রহমান মেঙ্গালের বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। মেঙ্গাল অক্ষত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী মেঙ্গালের বাড়ির প্রধান ফটকে আঘাত হানে। এতে ফটক, সীমানা প্রাচীর ও ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়।
প্রথম বিস্ফোরণের পর কয়েকটি বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে। আশপাশের অনেক ভবনের দরজা-জানালার কাচ ভেঙে যায়। হামলার পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে টানা ৩ ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলি চলে। এ সময় রকেট লঞ্চার ও গ্রেনেডসহ ভারী অস্ত্র ব্যবহার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে মেঙ্গালের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরাও রয়েছে। এছাড়া বন্দুকযুদ্ধে ৫ হামলাকারী নিহত হয়েছে।
ঝালাওয়ান প্যানেলের মুখপাত্র ও সাধারণ সম্পাদক নাদিমুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিস্ফোরণ ও পরবর্তী গোলাগুলিতে এক ডজনের বেশি মানুষ মারা গেছে। শফিক মেঙ্গাল হামলায় অক্ষত রয়েছেন। তবে বিস্ফোরণ ও গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে।”
পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। আহতদের খুজদার টিচিং হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। হামলার পর দুই হাসপাতালেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি খুজদার শহরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। সূত্র: দ্য ডন























