বিদেশের সঙ্গে চুক্তি সংসদে উত্থাপনের আহ্বান বিরোধীদলের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ২৭, ২০২৬
বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সকল চুক্তি জাতীয় সংসদে উত্থাপনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ শনিবার বেলা ১১টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের বিষয়ে সরকারি দলের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “সংসদীয় গণতন্ত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সকল চুক্তি জাতীয় সংসদে উত্থাপনে আমরা আহ্বান জানাচ্ছি। জনগণের প্রতিনিধিরা যখন এসব বিষয়ে অবগত থাকবেন, তখন সরকার ও জনগণের মধ্যে আস্থা ও সেতুবন্ধ আরও দৃঢ় হবে।”
তিনি আরও বলেন, “এই সংসদ যেন সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হয়। সংসদকে বাইপাস করে যেন কিছু না হয়। আগামী দিনে জনগণ সরকারি দল ও বিরোধী দল—সবার কার্যক্রমের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে। এখানে সরকারি দল সব ক্রেডিট নেবে আর বিরোধী দল সবকিছুতে অন্ধ বিরোধিতা করবে—ব্যক্তিগতভাবে ও দলগতভাবে আমরা এই সংস্কৃতি সমর্থন করি না।”
ডা. শফিকুর রহমান বলেন, “দেশ গঠনে সরকারি দলকে যেমন বিরোধী দলকে সম্মান করতে হবে, তেমনি দেশের স্বার্থে বিরোধী দলকেও তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখতে হবে। আমরা সবাই চাই, আমাদের সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার (ইকুইটি) ভিত্তিতে। আমি আশা করি, প্রধানমন্ত্রী সেই সতর্কতা অবলম্বন করেছেন। আমাদের স্বাধীন পররাষ্ট্র নীতিতে কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা কখনো মেনে নেব না।”
তিনি আরও বলেন, “কারও সঙ্গে আমাদের চুক্তি যাই হোক না কেন, তা হতে হবে পারস্পরিক স্বার্থের (মিউচুয়াল ইন্টারেস্ট) ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, আবার নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্য রক্ষা করেই আগামী দিনের নীতি পরিচালনা করতে হবে।”
বক্তব্য শেষে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি বর্তমান সরকারের সফলতাও কামনা করেন।























