ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ২৫৯৫

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ০৩, ২০২৬

ভেনেজুয়েলায় এক সপ্তাহ আগে আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৯৫ জন ও ১২ হাজার ৪০০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

ডেলসি রদ্রিগেজ বলেন, “আমরা যে সংখ্যা প্রকাশ করছি, তা কঠোর যাচাই-বাছাইয়ের ভিত্তিতে নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ হতাহতের তথ্য প্রকাশের আগে প্রতিটি তথ্য বিস্তারিতভাবে যাচাই করা হয়েছে। এমনকি প্রথমে মৃত হিসাবে তালিকাভুক্ত পাঁচজনকে পরে জীবিত অবস্থায় পাওয়া যায়।”

তিনি আরও বলেন, “ভর্তুকিযুক্ত জ্বালানি ব্যবস্থায় ব্যবহৃত আঙুলের ছাপভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। যথাযথভাবে প্রমাণিত নয়— এমন কোনো তথ্য আমরা প্রকাশ করতে চাই না। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহে সরকার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা করছে।”

ডেলসি রদ্রিগেজ বলেন, “এছাড়া বিশ্বব্যাংক ও আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাংকের সঙ্গেও আলোচনা চলছে। সংস্থা দুটি পুনর্গঠন কাজে অনুদান ও ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের অবস্থা মূল্যায়ন এবং অবকাঠামো পুনরুদ্ধারে সহায়তা করতে ইজরায়েলের বিশেষজ্ঞদের একটি দল ভেনেজুয়েলায় পৌঁছেছে।”

তিনি আরও বলেন, “ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী হোসে মুসিও চলতি সপ্তাহে ভেনেজুয়েলা সফর করে মানবিক সহযোগিতা এবং পুনর্গঠন সহায়তা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন।”

এর আগে ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সরকারি হিসাবে, ভূমিকম্পে অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্গঠন কার্যক্রমের জন্য সরকার প্রাথমিকভাবে ২০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।

পাশাপাশি আন্তর্জাতিক অনুদান গ্রহণের জন্য লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের উন্নয়ন ব্যাংকে একটি বিশেষ তহবিল হিসাব খোলা হয়েছে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ভূমিকম্পে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদের প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, প্রায় ১২ হাজার ৮০০ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রায় ১৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।