ভেনেজুয়েলায় ভূমিকম্প, ৬ দিন পর জীবিত শিশু উদ্ধার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ০১, ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর রাজধানী কারাকাসে ধ্বংসস্তূপের নিচ থেকে মঙ্গলবার ৩ বছর বয়সি এক ছেলেশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। জর্ডানের উদ্ধারকারী দল এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহের ওই ভূমিকম্পে প্রায় ২ হাজার মানুষ মারা গেছে। উদ্ধারের ভিডিওতে দেখা যায়, শিশুটিকে খুঁজে পাওয়ার পর উদ্ধারকর্মীরা আনন্দ করছে। অলৌকিকভাবে সে বেঁচে ছিল।
জর্ডানের সিভিল ডিফেন্স বিবৃতিতে জানায়, শিশুটিকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির শারীরিক গুরুত্বপূর্ণ লক্ষণ স্বাভাবিক ছিল। উদ্ধার অভিযানের বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা টিস্যু দিয়ে শিশুটির মুখ মুছে দিচ্ছে। পরে তাকে কম্বল দিয়ে ঢেকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়।
গত সপ্তাহে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এটি ছিল ল্যাটিন আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প। এতে পুরো আবাসিক ভবনধসে পড়ে। কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে জোর তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা এলাকার সব ভবনই বিধ্বস্থ হয়। রাজধানী কারাকাসেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রেসিডেন্ট হোর্হে রড্রিগেজ মঙ্গলবার বলেন, “ভূমিকম্পে এ পর্যন্ত ৬ হাজার ৪৬১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।” সূত্র: এএফপি























