মঙ্গলবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৬

পূজামণ্ডপ দেখতে মঙ্গলবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার এ তথ্য জানান জেলা প্রশাসক ইসরাত জাহান।

ইসরাত জাহান বলেন, “প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করবেন। তবে নগরীর শ্রীশ্রী করুণাময়ী কালিমন্দির ও গুপ্তপাড়া মন্দিরও প্রস্তুত করা হচ্ছে।”

সফর সূচি অনুযায়ী, মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সড়কপথে বেলা ১১টার দিকে ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে তিনি আবার সৈয়দপুর বিমানবন্দর হয়ে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রীর সফর ঘিরে এখানকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “এটি একটি বিরল ঘটনা ঘটতে যাচ্ছে যে, প্রধানমন্ত্রী রাজধানীর বাইরে শারদীয় উৎসব দেখতে প্রত্যন্ত অঞ্চলে আসছেন।”