রাজধানীতে রাস্তা পেরোনোর সময় গাড়িচাপায় নিহত ২
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৬
আজ শুক্রবার ভোরে রাজধানীর শ্যামলী মোড়-সংলগ্ন ওভারব্রিজের নিচে রাস্তা পেরোনোর সময় গাড়িচাপায় দুই নারী নিহত হয়েছে। নিহত একজনের নাম মুক্তা (৪০), অপরজনের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। দুজনই ওই এলাকায় বসবাস করত।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির যানবাহন দুই নারীকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় মুক্তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুক্তা মারা যান।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, “এক নারীর পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তবে চেষ্টা চলছে। এছাড়া যে গাড়ি ধাক্কা দিয়েছে, সেটিও শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আছে।”
























