যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় ইরানের হামলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ০৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আইআরজিসির নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করেছে। বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এ সময় একটি এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়।

বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা কিংবা এমকিউ-৯ ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ বিবৃতিতে জানায়, দেশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পালটা পদক্ষেপের হুমকির মধ্যেই এ হামলা ঘটেছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে কাজ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন এলাকায় বিস্ফোরণের যে শব্দ শোনা যাচ্ছে, তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার ফল। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র: গার্ডিয়ান