যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইজরায়েলি হামলা, নিহত ৭

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ০৮, ২০২৬

যুদ্ধবিরতি কার্যকর সত্ত্বেও মঙ্গলবার ইজরায়েলি হামলায় গাজায় ১ শিশুসহ ৭ ফিলিস্তিনি নিহত ও বহু মানুষ আহত হয়েছে।

গাজা সিটির দক্ষিণের সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্বদিকে একটি বেসামরিক গাড়িতে ইজরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।

দক্ষিণ গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসা সূত্র জানায়, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইজরায়েলি বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয় এবং আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে আনা হয়।

এছাড়া মধ্য খান ইউনিসের জোরাত আল আক্কাদ এলাকায় ড্রোন হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়। একই এলাকায় বির জানুন ও আল-শায়ের এলাকায় পথচারীদের লক্ষ্য করে চালানো আরেকটি ড্রোন হামলায় ৩০ বছর বয়সি এক ফিলিস্তিনি নিহত হয়। এতে ৪ শিশুসহ পাঁচজন আহত হয়েছে।

রাফাহর উত্তর-পশ্চিমাঞ্চলের মুয়াবিয়া এলাকায় ইজরায়েলি সেনাদের গুলিতে পাঁচজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি ইজরায়েলি কোয়াডকপ্টার ড্রোন ওই এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়।

এর আগে মঙ্গলবার সকালে গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ড্রোন হামলায় ৪৬ বছর বয়সি এক ফিলিস্তিনি নিহত হয় এবং কয়েকজন আহত হয়।

গত বছরের অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইজরায়েল নিয়মিত ড্রোন হামলা, গোলাবর্ষণ ও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘনে ১ হাজার ৭২ ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৪৬৩ জন আহত হয়েছে।

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারের বেশি আহত হয়েছে। পাশাপাশি প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সূত্র: আনাদলু এজেন্সি