লালমনিরহাটে বিএসএফের পুশইন ঠেকালো বিজিবি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ০৫, ২০২৬

নিজ দেশের ১০ নাগরিককে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। এ সময় তাদের চেষ্টা ব্যর্থ করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাবুল কামাত পানিসালা সীমান্তে এ ঘটনা ঘটে। পুশইনের শিকাররা বর্তমানে জিরোলাইন থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।

সীমান্ত বাসিন্দাদের দেওয়া তথ্যমতে পুশইন করা ব্যক্তিরা হলেন: আজগার আলী (৫৪), মোস্তফা বিশ্বাস (২৬), মোর্শেদ (২০), রেহানা বিশ্বাস (২২), ফাতেমা বিবি (৩০), জাহেদা বেগম (৪০), অনুপা (২০), লিসা খাতুন (২৫), তাসলিমা (২৬) ও এক শিশু। তারা সবাই একই পরিবারের সদস্য।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ৮৪৬ মেইন পিলারের সাব পিলার ১/২ মাঝামাঝি স্থান দিয়ে ভারতের ৯৮ ব্যাটালিয়নের মহানদী বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতীয় ১০ নাগরিককে ভোরে পুশইনের চেষ্টা চালায়।

এ সময় ৬১ তিস্তা ব্যাটালিয়নের পয়ষট্টিবাড়ী বিজিবি ক্যাম্পের (বিওপি) টহল দলের সদস্য ও স্থানীয়রা বাধা দেয়। পরে বিএসএফ সদস্যরা পিছু হটে এবং ওই নাগরিকদের নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয় এবং স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়।

পয়ষট্টিবাড়ী বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান বলেন, “পুশইন ভোর ৪টা ২০ মিনিটে হয়েছে। সীমান্তে আমাদের টহল উপস্থিত ছিল, এটাকে প্রতিহত করে ইন্টারভিউতে রাখছে, তারা এখন ভারতের ভেতরে আছে। বিষয়টি নিয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”