ইমরান খানের তিন বোন গ্রেফতার, উত্তপ্ত পাকিস্তান

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনকে আটক করার অভিযোগ তুলেছে পিটিআই।

রোববার জারি করা বিশেষ আদেশে লাহোরের ডেপুটি কমিশনার ইমরান খানের বোন আলিমা খানকে ৩০ দিনের জন্য গ্রেফতারের নির্দেশ দেন।

এর পরপরই পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম বলেন, “ইমরানের বাকি দুই বোন উজমা খান ও নরিন খানকে তাঁদের সন্তানদেরসহ আটক করে পুলিশের একটি সাঁজোয়া যানে করে অজানা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।”

এই গ্রেফতার ও পরিবারের সদস্যদের ওপর ক্র্যাকডাউনকে মৌলিক মানবাধিকারের সরাসরি লঙ্ঘন এবং রাষ্ট্রীয় ক্ষমতার নগ্ন অপব্যবহার হিসেবে আখ্যায়িত করে পিটিআই কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের ছেলে কাসিম খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার খালা ও খালাতো ভাইদের বাসভবনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বলপূর্বক ঢুকে সম্পূর্ণ বেআইনিভাবে গাড়িতে তুলে নিয়ে যায়। কোথায় তাঁদের রাখা হয়েছে বা কোন আইনে তাঁদের আটক করা হলো, সে বিষয়েও পরিবারের কাছে কোনো তথ্য বা স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।”