‘গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০৩, ২০২৬

গ্রামীণ অর্থনীতিই শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্র্যাক-টু কূটনীতির আয়োজন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “কৃষিখাত জাতীয় অর্থনীতির মূল ভিত্তি। শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ। কৃষিপণ্যের সহজলভ্যতা, প্রযুক্তি, সেচ ও বাজার সংযোগ নিশ্চিত করার পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি শিল্পকে এগিয়ে নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের মায়ের হাতে আর্থিক সাহায্য পৌঁছানো, কৃষকদের জন্য কৃষক কার্ড, সবার জন্য হেলথ কার্ড এবং সমন্বিত সেবায় ইউনিভার্সেল কার্ড চালু করা হবে। এছাড়া তৃণমূল স্বাস্থ্যসেবায় ৮০ শতাংশ নারীসহ ১ লাখ কর্মী নিয়োগ করা হবে।”

তারেক রহমান বলেন, “শিক্ষাব্যবস্থায় সনদের চেয়ে বাস্তবমুখী দক্ষতা, প্রথম শ্রেণি থেকে বিনামূল্যে টিফিন ও ব্যাগ বিতরণ এবং মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে। জলবায়ু সহনশীলতায় ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা এবং ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রয়েছে।”

এসময় মিয়ানমারে ১২ লাখ রোহিঙ্গার নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন ও অর্থায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “উন্নয়নের জন্য শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, মানবিক মূল্যবোধ ও আইনের শাসন অপরিহার্য। বঙ্গোপসাগর অঞ্চলটি এমন এক জায়গায় পরিণত হোক যেখানে প্রতিটি রাষ্ট্র একযোগে বিকশিত হবে। বাংলাদেশ সংলাপ, অংশীদারত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী।”