পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ১১
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২৭, ২০২৬
পাকিস্তানের উত্তরাঞ্চলে বিস্ফোরক বোঝাই একটি গাড়ির দিয়ে নিরাপত্তা চৌকিতে হামলা চালানো হয়েছে। হামলায় ১১ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে।
পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলা পুলিশের কর্মকর্তা সাইফুল্লাহ খান বলেন, “শনিবার দুপুরের দিকে পুলিশ, সামরিক বাহিনী ও কাস্টমস কর্মীদের যৌথভাবে পরিচালিত নিরাপত্তা চৌকিতে হামলা হয়।”
তিনি আরও বলেন, “আত্মঘাতী হামলাকারী বলে সন্দেহ করা হচ্ছে এমন একজন বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে চৌকিতে আঘাত করে। এতে ১১ জন নিহত হয়।”
১১২২ উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা বিলাল ফাইজিও বলেন, “জঙ্গি হামলার পর আমরা ১১টি মরদেহ উদ্ধার করেছি।”
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। চলতি মাসের শুরুতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট শহরে একটি পুলিশ সদর দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায় ৩১ জন নিহত হয়। নিহতদের মধ্যে ১৬ পুলিশ সদস্য ছিল।
পাকিস্তান সরকার বলেছে, খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক হামলা বেড়ে যাওয়ার পেছনে আফগানিস্তান থেকে ছড়িয়ে পড়া জঙ্গিবাদ দায়ী। তবে আফগানিস্তানের তালেবান সরকার দেশটির সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।
এ নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে তীব্র বিরোধ ও সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। আফগানিস্তানের ভূখণ্ডে জঙ্গিদের লক্ষ্য করে প্রাণঘাতী বিমান হামলা চালানোর কথাও জানিয়েছে পাকিস্তান। সূত্র: এএফপি
























