বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে শুক্রবার থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় মেলার উদ্বোধন হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, “মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামি বইয়ের প্রকাশকসহ ২০৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।”

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ আয়োজিত এ মেলায় পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামি দর্শন, ইতিহাস ও গবেষণাধর্মী বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী বিভিন্ন ইসলামি গ্রন্থ পাওয়া যাবে। বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান তাদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে।

আয়োজকরা আশা করছেন, মাসব্যাপী এ মেলার মাধ্যমে ইসলামি জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়বে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে কোরআন, হাদিস ও মহানবি হজরত মুহাম্মদের (সা.) জীবনাদর্শ এবং ইসলামের শান্তি, সাম্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে মেলাটি ভূমিকা রাখবে।

দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলায় ব্যাপক জনসমাগম হবে বলে আশা করছে ইসলামিক ফাউন্ডেশন। মেলা সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।