বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০৯, ২০২৬
অনুমোদিত মানি চেঞ্জারগুলো বিদেশগামী বাংলাদেশি নাগরিকের কাছে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্যাশ বিক্রি করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে।
পরে কেন্দ্রীয় ব্যাংকের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত তথ্যানুযায়ী, পূর্বে অনুমোদিত মানি চেঞ্জারগুলোর মাধ্যমে একবারে সর্বোচ্চ ২ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অন্য বৈদেশিক মুদ্রা বিক্রি করার সীমা নির্ধারিত ছিল।
নতুন এই নির্দেশনার ফলে নির্ধারিত সীমার মধ্য থেকে মার্কিন ডলার ক্রয়ের জন্য গ্রাহকদের আর ব্যাংকে যেতে হবে না, যা বিদেশগামীদের ভোগান্তি অনেকটাই কমিয়ে আনবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাৎসরিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ গ্রাহকদের চাহিদা অনুযায়ী অন্যান্য অবাধে বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রায় এনডোর্স করার সুবিধা বহাল থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশগামী সাধারণ মানুষের লেনদেন সহজ করতে এবং বৈদেশিক মুদ্রার এনডোর্সমেন্ট প্রক্রিয়া অধিকতর সুবিধাজনক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
























