মার্কিন ডেটা সেন্টার ও এআই স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৬
যুক্তরাষ্ট্র ফের আক্রমণ করলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্থাপনা ও যোগাযোগের সাবমেরিন কেব্ল ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।
এসব অবকাঠামোকে ওই অঞ্চলে মার্কিন অর্থনীতির ‘স্পন্দন’ হিসেবে বর্ণনা করেন তার দাবি, এসব সম্পদের মূল্য ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি। যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে নতুন সামরিক সক্ষমতা ব্যবহারের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানান তিনি।
মোহসেন রেজায়ি বলেন, “সংযুক্ত আরব আমিরাত ও হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ব্যয়বহুল সম্পদ রয়েছে। আমরা এখনও এসব সম্পদকে আমাদের লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করিনি। কিন্তু যুদ্ধ শুরু হলে এসব কেব্ল, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তার স্থাপনা এবং আরও অসংখ্য স্থাপনা ধ্বংস হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “প্রথম সপ্তাহেই আমরা আমাদের সব সক্ষমতা প্রকাশ করে এমনভাবে পদক্ষেপ নিইনি। তা করলে পরবর্তী সময়ে ব্যবহারের জন্য আমাদের হাতে খুব বেশি কিছু অবশিষ্ট থাকত না। আজ যদি আবার সংঘাত শুরু হয়, তাহলে আমরা অবশ্যই আরও বিস্তৃত ও ব্যাপক পরিকল্পনা নিয়ে শত্রুর মোকাবিলা করব।”
৩০ মিনিটের ওই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি, হরমুজ প্রণালি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি অবকাঠামোতে সম্ভাব্য হামলাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।
























