হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২৪, ২০২৬

হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশজুড়ে ৮ শিশু মারা গেছে। আজ শনিবার  বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৫ জন। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মারা গেছে ১ হাজার ২২২ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১১৮ জন।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রাম বিভাগের দুজন, সিলেট বিভাগের দুজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রোগী রয়েছে।

একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৫১ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ হাজার ১৪ জনের শরীরে। ১৫ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৩২৪। অন্যদিকে হামের উপসর্গ মিলেছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনের শরীরে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।

এর আগে শুক্রবার হাম উপসর্গে ৭ শিশু মারা যায়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৩৫ জন।