অনেক দিন পরের কবিতা

আজিম খান

প্রকাশিত : ফেব্রুয়ারি ০১, ২০১৮

যদি সত্যি তা-ই হতো তবে ভালোই হতো
ভালোই হতো কৈশোরের অবুঝ আমি তোর সবুজ হৃদয়ের সন্ধানে
স্বপ্নভূমিতে আবার আরোহী হয়েই যেতাম!

যদি সত্যি তা-ই হতো তবে ভালোই হতো
ভালোই হতো তোর চপল-চঞ্চল কথার ফুলঝুরিতে
মুগ্ধ শ্রোতার একান্ত ভূমিকাটা আমি আবার নিয়েই নিতাম!

যদি সত্যি তা-ই হতো তবে ভালোই হতো
ভালোই হতো তোর চোখের গভীর অতলে
ডুবুরি হওয়ার সমস্ত প্রস্তুতি আমি আবার নিয়েই নিতাম!

ভালোই হতো,
সেদিনের প্রাতঃভ্রমণের স্মৃতিটাকে
স্মৃতির খোলস ছাড়িয়ে প্রত্যহের রূপ দিয়েই দিতাম!

ভালোই হতো,
কলেজ রোড দিয়ে তোর আর আমার
বাড়ি ফেরার নিত্য স্মৃতির ঢালিটাকে
জীবন রোডের দিকে মোড় ঘুরিয়ে অসীম আপন হয়েই যেতাম!

তুই কি সত্যি তা-ই বুঝালি?
নাকি ভ্রষ্ট আশার ঘোর ছড়ালি?
বুকের ভেতর অজস্র কবিতা জাগে...
জানি এ সত্য নয়, এ ভ্রম আমার
তবু তুই অনেক দিন পরের কবিতা আমার
যেমন ছিলি অনেক দিন আগে...