অবিলম্বে তেহরান খালি করার নির্দেশ ট্রাম্পের

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৭, ২০২৫

ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ নির্দেশ দেন।

ট্রাম্প লিখেছেন, “ইরান আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এড়ানো যেত। এটা দুঃখজনক ও অনর্থক প্রাণহানি। পরিষ্কার করে বলছি, ইরান পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে পারে না। আমি বারবার এটা বলেছি। সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে।”

তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় ইজরায়েলি বাহিনী। তেহরানের এই অঞ্চলটি মূলত আবাসিক ও ঘনবসতিপূর্ণ। সোমবার বিকেলের দিকে পূর্ব তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এর কিছুক্ষণ পরই পূর্ব তেহরানের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ শুরু হয়।

আইডিএফের বিমান হামলায় পূর্ব তেহরানে কতজন নিহত কিংবা আহত হয়েছে, তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, শুক্রবার থেকে পালটাপালটি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। ইজরায়েল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সূত্র: সিএনএন ও প্রেস টিভি