অলঙ্করণ: পাপিয়া জেরিন

অলঙ্করণ: পাপিয়া জেরিন

অমিতাভ পালের গুচ্ছকবিতা

প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০১৮

কনসার্ট

সবখানে শিশুর কান্না শুনতে পাচ্ছি
বিরক্ত ব্যথিত ক্লান্ত এইসব শিশুরা
প্রতিবাদের ভাষায় মুখর সারাক্ষণ

আমিও তো একই কাজ করতে চাই
কিন্তু বড় হবার সময় কোথায় যেন অভ্যস্ত হয়ে গেছি
ফলে আমার গলায় কেবল আপোষের সুর
আর আমার গান কেবল অমেরুদণ্ডীর জগতে হিট

হিটের বাইরের বারান্দায় বাজছে আর্তনাদের রক

মায়ের কাছে শীত এবং কুয়াশার জন্য প্রার্থনা

গরমে ঔদ্ধত্বে আমরা সমানে পচে যাচ্ছি মা
আমাদের হাড় থেকে মাংস আলাদা হয়ে যাচ্ছে
হৃদয় থেকে খসে পড়ছে ভাবনা আর
যৌনতা থেকে প্রেম
আমাদের পচা গন্ধে আচ্ছন্ন হয়ে পড়ছে আকাশ বাতাস
আমাদের রক্ষা করো সেলোফেন পেপারে মুড়ে
ডিপ ফ্রিজের অভ্যন্তরে রেখে
আমাদের সকল প্রার্থনা এখন টাটকা হবার

শীতকাল একটা হাজার লক্ষ কিউবিক মিটারের ডিপ ফ্রিজ
আর কুয়াশা অবিকল সেলোফেন পেপারের মতো
মা, তুমিই আমাদের শেষ ভরসা

আমরা শিশুর মতো কাঁদছি

ভ্রমণকাহিনি

 

পৃথিবীর যেকোনও জায়গাতেই কিছু না কিছু দেখার আছে
অবিকল তোমার শরীরের মতো
আর তাই বিছানাতেই আমি পৃথিবী দর্শন করি
আমার যাবতীয় ভ্রমণ তোমার পরিসীমা পর্যন্ত

আমার ট্রাভেল ট্যাক্সের নাম প্রেম

সন্দেহের আগে

আমি বিশ্বাস করতে শুরু করলেই তুমি ঈশ্বর
আর আমাকে দেখাতে থাকো তোমার প্রতাপ
এদিকে আমি ভুক্তভোগী হয়ে
তোমার কাছে মানত করি, প্রার্থনা করি
কিন্তু জিহ্বায় খালি পাই ফাঁপা প্রতিশ্রুতির স্বাদ
অথচ প্রতিশ্রুতিগুলি সব চিরকাল দূরের পাহাড়
তোমার মন্দির আরেও দূরে

আমি বিশ্বাস করতে শুরু করলেই তুমি ঈশ্বর
অথচ এর আগে তোমাকে সমাজবিজ্ঞানের ভাষা ব্যাখ্যা করতে পারতো

বর্ণবাদ

আমার ত্বকই আমার সর্বশেষ খবর
হৃদযন্ত্র ফুসফুস, সবাই কথা বলে ওই বাদামি ভূখণ্ডের ভাষায়
আর তাতেই আমার প্রতিচ্ছবিতে আমি
আমাকে দেখে নিও ত্বক বইয়ের প্রথম পৃষ্ঠায়

আমার ত্বকই আমার সর্বশেষ খবর,
আমার শরীর
আমার মাতৃভাষা