অমিতাভ পালের চারটি কবিতা

প্রকাশিত : অক্টোবর ০২, ২০১৮

সম্পর্ক

তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করাটাই
পৃথিবীর সবচেয়ে জটিল কাজ বলে মনে হচ্ছে আমার
যদিও যৌনতার মতো একটা প্রাচীন সম্পর্কে আমরা বাঁধা
তবু পুরুষতান্ত্রিকতা আর হাজার বছরের শাসন শোষণ
একটা দুর্লঙ্ঘ দেয়ালের মতো দাঁড়িয়ে গেছে আমাদের মধ্যে
পরস্পরের কাছে যেতে হলে এখন তাই আমাদের জেলপালানো কয়েদির মতো
সেই দুর্লঙ্ঘ দেয়াল টপকাতে হয়

একটা সীমান্তরেখার দুইপাশে বসে
শত্রুভাবাপন্ন দুই দেশের মতো আমরা
পরস্পরের দিকে আকুল চোখে তাকিয়ে আছি
পরস্পরের ভূগোলের প্রতি আমাদের বড় লোভ

শেয়ার মার্কেট

তোমার সাথে সম্পর্ক তৈরি করতে আমার কত খরচ হবে বলতো
এক কেজি দায়িত্ববোধ
তিন কেজি ভালোবাসা
বাসাভাড়া বাজার ডাক্তারের ওষুধ
জ্বরে পাশে বসে থাকা
লোডশেডিংয়ে পাখার বাতাস
সবমিলিয়ে আমাকে কত কামাতে হবে মাসে?
তোমারও কিন্তু খরচ হবে আমার সাথে থাকতে
সেসবও হিসাবের মধ্যে নিও

তারপর আমরা একটা হাসিখুশি দম্পতির ছবি তুলে
বাঁধিয়ে রাখবো আমাদের ঘরের দেয়ালে
শেয়ার মার্কেটে এতে আমাদের সংসার কোম্পানির
একটা ভালো বিজ্ঞাপন হবে

এখন আমাদের দরপতনের কোনো সম্ভাবনা নেই

মাতাল

আগুন ধরতে যতক্ষণ
তারপর কাঠ ফুটবে
শিখা লাফাবে কিশোরী জিমনাস্টের মতো
ধোঁয়া পাবে নাচুনে ফিতার চরিত্র
আর উত্তাপের মাথায় ভর করবে আলিঙ্গনের আগ্রহ

এখন শুধু দাউদাউ শব্দটির হলুদ রাজত্ব
এখন শুধু জ্বালানোর আকাঙ্ক্ষা
এখন শুধু অক্সিজেন

আগুন ধরতে যতক্ষণ

আমার বাড়ি

আমার বাড়িটা দুই মহলা
একটাতে সারাক্ষণ জ্বলে আলো আর
আরেকটা অন্ধকারে ভরা
আমার যে মহলাটাতে আলো জ্বলছে অবিরাম
সেখানে আমি ছায়া তৈরি করি
আর অন্ধকার মহলাটাতে আলো
আমার দু্ই মহলা বাড়ি সাদা আর কালো

আমার আলোয় ভরা মহলাটার নাম দিন
আর অন্ধকার মহলাটাকে রাত্রি নামে ডাকি