আজ দেশজুড়ে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ বুধবার দেশজুড়ে বিক্ষোভ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার রাতে দলটির দফতর সেলের পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য নির্দেশ প্রদান করা হলো।

চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।