আবারও ইজরায়েলি যুদ্ধবিমান এফ-৩৫ ভূপাতিত করল ইরান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৮, ২০২৫
ইজরাইলি বাহিনীর আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান তেহরানের কাছে ভূপাতিত করেছে ইরান। তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ইরানের ভারামিন শহরের গভর্নর হোসেইন আব্বাসি আজ বুধবার সকালে এই তথ্য জানান।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, গভর্নর হোসেইন আব্বাসি বলেছেন, “দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইজরায়েলের এই সর্বাধুনিক যুদ্ধবিমানটি ভূপাতিত করে।”
উল্লেখ্য, শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইজরায়েল। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। ইজরায়েলের মোট ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান।
এফ-৩৫ যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান। এটি রাডারে সহজে ধরা পড়ে না। এর একাধিক সংস্করণ রয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এটি ব্যবহার করে।























