আবু তাহের সরফরাজের পাঁচটি কবিতা

প্রকাশিত : জুন ২৪, ২০১৮

দুই মানুষ

দুই মানুষের হাঁটাচলা
আগুন এবং শিল্পকলা
দুই মানুষের ঘর
কাঁপতেছে থত্থর।

এক মানুষের ইচ্ছেগুলো
পথের বারুদ পথের ধুলো
আরেক কণ্ঠস্বর
তবু, মাথার ওপর ঝড়।

আরেক মানুষ শস্যমোদির
গেরস্ত সে, হয় না অধীর
তৈরি করে ঘর
তবু, ভাঙে তাহার পর।

দুই মানুষের পরম্পরা
শরীর ভেঙে শরীর গড়া
শিল্পিত সুন্দর
তবু, দ্বন্দ্ব পরস্পর।

ছায়ার মানুষ

এবার তুমি ফেরাও ছায়া
শরীর থেকে আচম্বিতে
ভুল মানুষের ভেতর তুমি
জড়াচ্ছিলে অতর্কিতে।

কেউ ফেরেনি, মানুষ যারা
কেউ ফেরেনি, নকল সবই
মুখ ফিরিয়ে দেখছ যে মুখ
ছায়ার মানুষ, প্রতিচ্ছবি।

সঙ্গে ছিল ছায়ার শরীর
রোদের বিপরীতে
চাইতে পারো শরীর তোমার
নিজের করে নিতে।

ভুল শরীরে আস্তে-ধীরে
যাচ্ছে ঢুকে কে
শরীর ভেঙে আরেক ছায়া
বেরিয়ে পড়েছে।

ভয় পেয়েছ খুব?
শরীর তোমার নিজের শরীর
তার কী এমন রূপ!

শুশ্রুষার আগুন

পূর্ণ, পূর্ণতর হয়ে উঠছে মানুষের জীবন
শুশ্রুষার আগুন দিয়ে সে
সিদ্ধ করে খাচ্ছে আহার্য

ঘা হয়ে যাচ্ছে ভেতরে
শিরায় শিরায়
তবু অন্ধকারে, গাছের ওপর ঝুলন্ত একটি চাঁদ
তার চোখে পড়ে

আর সে, টের পায় শুশ্রুষার আগুন
সরবরাহ করে এই চাঁদ
চাঁদ আগুন পায় সূর্য থেকে
তাই সে আলোকিত

শুশ্রুষার আগুন যে রকম মানুষকে পূর্ণতর করে তোলে

একটি নিঃসঙ্গ মানিব্যাগ

একটি নিঃসঙ্গ মানিব্যাগে থাকতে পারে
চড়ুইপাখির ডানার ঢেউ
বুকের ধুকপুক
নাভির মর্মমূলে পৌঁছে যাওয়া দীর্ঘশ্বাস

দুপুররোদে ছায়া ফেলে দাঁড়িয়ে থাকা একা একটি গাছের
নিঃসঙ্গতা ছুঁয়ে তারপর
আমার আঙুল স্পর্শ করে
                                 একটি নিঃসঙ্গ মানিব্যাগ
মানিব্যাগ খুলে দেখি বউয়ের ছবি
প্রেমিকার ছবি
খুচরো পয়সা কিছু ছিল, ঝাঁক ঝাঁক পাখি হয়ে
                          তারা উড়ে গেল একা
দাঁড়িয়ে থাকা গাছের দিকে, আর
আমি দেখলাম গাছের মতো আমারও একটা ছায়া
দীর্ঘ হয়ে পড়ে আছে মাটিতে
                                      খুব একা একা।

আমাদের কথা বলার লোক

আমাদের কথা বলার লোক হাটে-বাজারে ঘোরাঘুরি করে
বেচাকেনা করে নিজেদের মতো, এই শোক
ছড়িয়ে পড়ে বাদশাহজাদির ঘরে
সখিদের ডেকে সে বলে, এবার একটা কিছু হোক।

আমাদের কথা মনে রেখে যারা রাষ্ট্রপতির ভবনে যায়
তাদের বাড়ির ঝি আমাদের পাড়ায় ফুর্তি করতে আসে
ঘরের বউ সব দেখেশুনে বলে, এই তো নিয়ম
ওরা কাজের লোক।

আমাদের হাটখোলায় টাটকা সবজি ওঠে
গ্রামের মানুষ যারা কেনে খুব কম
আমাদের কথা বলার লোক মার্কেটিং পলিসি বোঝে
তারা সবজি ইম্পোর্ট করে শহরের কিছু ঘরে
গ্রামের এক কৃষক হিসেব মিলিয়ে বলে,
ওরা আমার লোক।

আমাদের বাসা থেকে প্রতিদিন রোদ চুরি হয়ে যায়
ভাড়াটিয়া বলে সংবাদ সম্মেলনে বলি না এ খবর।