আলাস্কায় মার্কিন ঘাঁটিতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৮
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ২২, ২০২৬
যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন বিমানবাহিনীর একটি দূরবর্তী ঘাঁটিতে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবাই নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে দুর্গম কেপ নিউএনহামের একটি রাডার কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল `সেসনা ৪৪১` মডেলের একটি চার্টার বিমান, যা বেসামরিক চুক্তির অধীনে অ্যাঙ্কোরেজভিত্তিক `সিকিউরিটি অ্যাভিয়েশন` নামক প্রতিষ্ঠান পরিচালনা করত। বিমানটি আলাস্কার প্রধান শহর অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৭২৫ কিলোমিটার দূরে অবস্থিত ওই রাডার কেন্দ্রের দিকে যাচ্ছিল। বিমানে ৬ যাত্রী ও ২ পাইলট ছিল।
মার্কিন আর্মি কোর অব ইঞ্জিনিয়ার্স (ইউএসএসিই) জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের ২ কর্মী ছিল।
আলাস্কান কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস বলেন, “যাত্রীরা সামরিক ঘাঁটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মিশনে নিয়োজিত পেশাদার কর্মকর্তা ছিলেন।”
দুর্ঘটনার খবর পেয়ে মার্কিন কোস্ট গার্ড, জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি), আলাস্কা স্টেট ট্রুপার্স ও রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের যৌথ দল উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কি।
দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এনটিএসবি। সূত্র: এপি ও বিবিসি
























