আশিক আকবর
আশিক আকবরের কবিতাগুচ্ছ
প্রকাশিত : জানুয়ারি ৩১, ২০২০
যদি
যদি ফরহাদ হতাম,
দুর্গম পাহাড়ের পাথর কেটে কেটে মূর্তি বানাতাম।
যদি কৃষ্ণ হৈতাম,
গাভীর দুগ্ধ দোহন করে চিরদিন মথুরার হাটে মণ্ডা মিঠাই বেচতাম।
যদি মজনু হৈতাম,
হাঁটতে হাঁটতে পথের ধূলায় আয়নায় লাইলিরে দেখতাম।
ইউসুফ হৈলে,
নিজ অঙ্গ কাটি রক্ত ধুইতাম জলে।
হৈছি আশিক,
তার প্রেমে মজে মন হৈলো না সার্বিক।
এই জীবনে,
মনেও পড়ে না,
কেউ কারো দিকে তাকিয়ে হাসছি কিনা খানিক।
ব্রহ্মপুত্র পাড়ের গান
তোকে ছেড়ে যাই রে, তোকে ছেড়ে যাই।
পথে পথে ঘুরে ঘুরে মণ্ডা মিঠাই খাই।
কৃষ্ণের পথে কাঁটার বন, রাধার পথে ছাই,
স্থল পথ ছেড়ে তাই রে জল পথেই যাই।
স্থলে জলে মিশে মিশে যদি দেখা পাই রে
এই জীবনের বকুল তলায় আর না কিছু চাই রে
আয় না আবার মিলে জিলে কবিতা সাজাই
একা একলার জীবন মাঝে যৌথের সুখ নাই
ঐ ঐ দ্যাখো আকাশে উড়ে যায় গাঙচিল
আবার তো হতেই পারে তোমার আমার মিল
লুকিয়ে আর একা একা না খাও টক জলপাই
নিজেকে দিও না আর আরাম আয়েশের লাই
স্বপ্নে পাওয়া কবিতা
এখানে
এসেছো
কেন
লাল
পাহাড়ের
কাছে যাও
যুদ্ধ
জয় করে
এসো
যুদ্ধ
জয়ের পরেই
আমাদের যুদ্ধ
শুরু হবে
স্বপ্নের ডকুমেনটেশন ১
মা আর শিশুটি
ছোটো নদীটির বাঁশের সাঁকোটি
পার হয়ে চলে গেছে আবছা অন্ধকারে
মনে হচ্ছিল,
ওটি শীতের কুয়াশা ভরা সুপ্রভাত
কিংবা সন্ধ্যা সন্ধ্যা
এই দৃশ্য স্বপ্নে দেখেছি
কিঞ্চিত বুঝেছি গভীর অন্তর্নিহিত মাজেজা এর
কবিতার কবিতা
কবরখানার বিড়ালটি অভিমান করে চলে গেছে।
তবু তার ম্যাও ম্যাও শোনা যায়।
শুনি।
ভালোবাসা এমনই, না থাকলেও থাকে।
বিপ্লব সংঘটিত না হলে
আমাদের নদীগুলো মরে যাবে।
কমে যাবে পাখির প্রজাতি।
দেশি মাছের গল্প থাকবে শুধু।
কিন্তু ধর্ষণ থাকবে।
ক্রসফায়ার থাকবে।
থাকবে ভোট ডাকাতি।
মেধাবীরা বিদেশে পাচার হবে।
আটকে থাকারা পরীক্ষার ভারে হবে কুঁজো।
আর প্রতিভাবানরা করবে আত্মহত্যা।
আমাদের এই দেশ,
এখানের বেশ্যালয়গুলো তুলে ফেলবার চেষ্টা হবে।
সবুজ বনস্পতিদের চলবে প্রকাশ্যে হত্যা।
বন আর পাহাড় হতে থাকবে উজার।
অবিশ্বাস পরাজিত হবে।
বিশ্বাসীদের গলায় আসবে চাপ। তারা শান্ত হবে। চুপচাপ হবে।
জুজুর ভয় হিসাবে তাদের মজুদ করা হবে।
বাপ-দাদাদের ধানের নাম আমরা ভুলে যাব।
ভুলে যাব অনেক সবজি ও খাদ্য এবং মশলার নাম।
আমাদের থাকবে না পালাপশু।
পালাপাখি।
দুই-একজন বৈদেশ না থাকলে,
কোনো পরিবার স্বস্তি পাবে না।
বৃদ্ধাশ্রমগুলো আমাদের কাঙ্ক্ষিত হয়ে উঠবে।
আরো একটা ব্যাপার ঘটে যেতে পারে
গোপন ফ্রী সেক্স প্রকাশ্য হয়ে উঠতে পারে
আর এ সবই ঘটবে,
এখানে যদি বিপ্লব সংঘটিত না হয়।























