আ.লীগের কোনো বন্ধু নেই: প্রেস সচিব
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৫
আওয়ামী লীগের আর কোনো বন্ধু নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার নিউইয়র্কে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে নেওয়া সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন।”
তিনি আরও বলেন, “মূল বার্তা হলো, ১৫ ফেব্রুয়ারির মধ্যে মৌলিক নির্বাচন হবে। এটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হবে। বিশ্বনেতারা এরই মধ্যে আসন্ন নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের মতোই জনগণ অবাধে ভোট দিতে পারবে।”
শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার ভাষণে সরকারের কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, বিচার কার্যক্রম এবং রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব নেই। সরকার নিয়মিত তাদের সঙ্গে বৈঠক করছে।”
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে আমরা দেখেছি, তারা কী করেছে। ১৫ বছরের শাসনামলে মানুষ হত্যা, গুম এবং হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে। এখন দেখুন আওয়ামী লীগের অবস্থা কোথায়? তাদের আর কোনো বন্ধু নেই।”























