ইউনূস-তারেক বৈঠক, যা আছে যৌথ ঘোষণায়

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৪, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ ঘোষণায় আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোটের আভাস রয়েছে।

যৌথ ঘোষণা অনুযায়ী, বৈঠকে তারেক রহমান আগামী রোজার আগে ভোটের প্রস্তাব করেন। তখন মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বলা হয়, রোজা শুরুর ‘আগের সপ্তাহেও’ ভোট করা যেতে পারে।

বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টার দিকে লন্ডনের পার্ক লেইনে ডরচেস্টার হোটেলে বৈঠকে বসেন মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। বৈঠক শেষে ৩টা ৪০ মিনিটের দিকে হোটেল ত্যাগ করেন তারেক রহমান।

বৈঠকের পর যৌথ ঘোষণা জানাতে সংবাদ সম্মেলনে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

যৌথ ঘোষণায় বলা হয়, “আজ শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন সফররত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক হয়। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।”

যৌথ ঘোষণায় আরও বলা হয়, “প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রোজা শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এ অবস্থানকে স্বাগত জানান।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর কোনো সরকারপ্রধানের সঙ্গে এটিই তার প্রথম একান্ত বৈঠক। কয়েক মাস ধরে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের একাধিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একই দাবি তুলে ধরেন।

এর মধ্যে কোরবানির ঈদের আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচনের ঘোষণা দেন। তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বিএনপি।