ইজরায়েলি হামলায় একদিনে গাজায় নিহত ৫০

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৫

ইজরায়লি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৫০ ফিলিস্তিনি নিহত ও ১৮৪ ফিলিস্তিনি আহত হয়েছে। সোমবার বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে ৫০ মরদেহ আনা হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলের গণহত্যামূলক অভিযানে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। মোট আহতের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৩৪৬।

বিবৃতিতে আরও বলা হয়, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করার সময় ইজরায়েলি সেনাদের গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত এবং ৪৮ ফিলিস্তিনি আহত হয়েছে। এর ফলে ২৭ মে থেকে শুধু ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭১ জনে। আহত হয়েছে ১৮ হাজার ৮১৭ জন।

বিবৃতিতে বলা হয়, ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় হামলা শুরু করে ইজরায়েল। সেই সময় থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ১৮৭ জন নিহত এবং ৫৬ হাজার ৩০৫ জন আহত হয়েছে।

এর আগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক  প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সূত্র: আনাদোলু