ইজরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত ৫৯
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৬, ২০২৫
ইজরায়েলি সেনাবাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৭ জন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ কেন্দ্রে খাবার নেওয়ার চেষ্টা করছিল।
রোববার গাজার মধ্যাঞ্চলের আল আওদা হাসপাতালের চিকিৎসকরা জানান, ক্ষুধার্ত পরিবারের জন্য খাবারের পার্সেল খুঁজতে থাকা নেটজারিম করিডোরের কাছে একটি জিএইচএফ কেন্দ্রে যাওয়ার সময় ইজরায়েলের গুলিতে তিনজন নিহত ও কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়।
দক্ষিণ গাজায় আরও ১০ ত্রাণপ্রার্থী নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়। চিকিৎসকদের মতে, নিহত ও আহতদের অনেককে রাফার রেড ক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মধ্য গাজার দেইর এল-বালাহ থেকে আল জাজিরার তারেক আবু আযম বলেন, “স্থানীয়রা আমাদের জানিয়েছে, ইজরায়েলি সেনাবাহিনী গুলি চালানোর আগে ক্ষুধার্ত জনতাকে সতর্ক করেনি। যার ফলে বেসামরিক হতাহত হয়।”
এছাড়া রোববার দক্ষিণ গাজায় একাধিক ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১২ ফিলিস্তিনি নিহত হয়। ছিটমহলের উত্তরে বেইত লাহিয়া শহরে একদল লোককে লক্ষ্য করে চালানো ইজরায়েলি হামলায় আরও সাতজন নিহত হয়।
মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইজরায়েলি হামলায় কমপক্ষে আটজন নিহত হয়। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আবাসিক ভবনে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।
এর আগে শনিবার কমপক্ষে ৭৯ ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে অনেকেরই ত্রাণ নিতে প্রাণ হারায়। মধ্য গাজার আল আওদা ও আল আকসা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে, নেটজারিম করিডোরের কাছে জিএইচএফ ত্রাণ বিতরণ স্থানের কাছে যাওয়ার চেষ্টা করার সময় কমপক্ষে ১৫ জন নিহত হয়। সূত্র: আল জাজিরা






















