ইজরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৭২

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ৩১, ২০২৫

ইজরায়েলের বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গাজায় ৭২ ফিলিস্তিনি নিহত ও  ২৭৮ ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর দেড় বছরে গাজায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৪ হাজার ৩২১ জন এবং ১ লাখ ২৩ হাজার ৭৭০ জনে। নিহত ও আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।  এদিন তারা ১২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জিম্মি করে নিয়ে যায়।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইজরায়েলি বাহিনী। দেড় বছরেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয়যপক্ষ।

কিন্তু বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে আড়াই মাসে গাজায় নিহত হয় ৩ হাজার ৮২২ ফিলিস্তিনি এবং আহত হয় প্রায় ১১ হাজার। সূত্র: আল জাজিরা