ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ২০, ২০২৬
ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
ইরানের শীর্ষ কর্মকর্তা ও কয়েক ডজন নৌসদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই তারা এই হামলা চালায়। পশ্চিম জেরুজালেমে অবস্থিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।
ইরানের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-এর ’বীরদের রক্তের প্রতিশোধ’ এবং দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার জবাব দিতেই এই হামলা চালানো হয়।
তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-কে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র টর্পেডো হামলা চালায় বলে অভিযোগ করে তেহরান। ভারতের মহড়া শেষে দেশে ফেরার পথে জাহাজটি হামলার শিকার হয়, যাতে ৮০ জনের বেশি নৌসদস্য নিহত হয়।
চলতি সপ্তাহের শুরুতে ইজরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব। সূত্র: আল জাজিরা























