ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গাজায় যাচ্ছেন গ্রেটা থুনবার্গ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মে ৩০, ২০২৫
ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গাজা সফরে যাচ্ছেন আলোচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। রোববার জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং অন্যান্য কর্মীরা গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
একটি মানবিক জাহাজে করে তারা গাজায় যাবেন। যার লক্ষ্য ইজরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদ করা। এ ভ্রমণের আয়োজন করেছে ফ্রিডম ফ্লোটিলা, যা গাজার জন্য মানবিক সাহায্যের ওপর ইজরায়েলের ২ মার্চ আরোপিত অবরোধের বিরোধিতাকারী গোষ্ঠীগুলির একটি জোট।
ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসানও ভ্রমণে অংশ নিচ্ছেন। তিনি বলেন, “এই অভিযানের কয়েকটি লক্ষ্য ছিল। যার মধ্যে মানবিক অবরোধ ও চলমান গণহত্যার নিন্দা করা, ইজরায়েল রাষ্ট্রকে দেওয়া শাস্তির দায়মুক্তি এবং আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করা।”
এর আগে ফরাসি বামপন্থি দল এলএফআই-এর একজন নেতা হাসান; অতীতে মধ্যপ্রাচ্য সম্পর্কে বিতর্ক মন্তব্য করলেও এখন সেই মনোভাব থেকে বেরিয়ে এসেছেন তিনি। ফেব্রুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সঙ্গে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল পরিদর্শন করার কথা ছিল তার। পরে তিনি জানান, তাকে ইজরায়েল ঢুকতে দেয়নি।
হাসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আমাদের মিশনের সাফল্যের জন্য, এই উদ্যোগের জন্য আমাদের জনসাধারণের সর্বাধিক একত্রিত হওয়া প্রয়োজন।”
সুইডেনে কিশোর জলবায়ু বিক্ষোভের আয়োজন করে খ্যাতি অর্জন করা থানবার্গ এই মাসের শুরুতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের একটি জাহাজে করে গাজা ভ্রমণে যাওয়ার পথে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। কর্মীরা জানায়, তারা সন্দেহ করছে ইজরায়েলি ড্রোন এ হামলার জন্য দায়ী।
সাম্প্রতিক দিনগুলিতে গাজায় পাঠানো সাহায্য ফিরে আসতে শুরু করেছে। ফলে মানবিক গোষ্ঠীগুলি সতর্ক করে দিয়েছে যে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি ব্যাপক দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে।






















